চট্টগ্রামে বাকবিশিস'র কর্মশালা অনুষ্ঠিত
- হাসান মেহেদী
-
২০২৩-১১-০৮ ১৪:২৭:৩৫
- Print
চট্টগ্রাম :
চট্টগ্রামে 'শিক্ষা ও শিক্ষক আন্দোলন' শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ নভেম্বর শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কলেজ- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), চট্টগ্রাম অঞ্চল । বাকবিশিস চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নুরুল আফসারের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ভবরঞ্জন বণিকের সঞ্চালনায় কর্মশালার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন বাকবিশিস-কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার, বাকবিশিস'র প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক রণজিৎ কুমার দে, বাকবিশিস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ জাহাঙ্গীর, প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক বদিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আকমল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ শিমুল বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহসভাপতি অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত। শুভেচ্ছা বক্তৃতা করেন অধ্যক্ষ মোহাম্মদ রফিক উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকবিশিস চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ আলম আকতার, বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ বশির উদ্দীন কনক, মহানগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অসীম চক্রবর্ত্তী ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া অয়ন প্রমুখ। এ সময় বক্তারা দেশের শিক্ষক আন্দোলনের ক্রান্তিকালে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিকে ধারণ করতে বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক ও সর্বজনীন শিক্ষানীতি প্রণয়নে এবং শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যকে সামনে রেখে ১৯৮৪ সালে বাকবিশিস প্রতিষ্ঠার যৌক্তিকতা তুলে ধরেন। সেই সাথে শিক্ষাক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূরীকরণকল্পে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান প্রজন্মের শিক্ষকদের নিজেদের গড়ে তুলতে তাদের প্রতি আহ্বান জানান। বক্তাগণ বলেন, শিক্ষক সংগঠনগুলোর মধ্যে বাকবিশিসই সবসময় শিক্ষকদের যৌক্তিক দাবি ও অধিকার আদায়ের আন্দোলনে অগ্রগামী ভূমিকা রেখে যাচ্ছে। শিক্ষার সমসাময়িক সমস্যা ও প্রাসঙ্গিক বিষয়াদি সম্পর্কে শিক্ষক সমাজ সম্যক ধারণা দিতে বাকবিশিস অতীত ও বর্তমানের মত আগামীদিনেও এধরণের সেমিনার ও কর্মশালার আয়োজন করবে বলে দৃঢ় অভিমত ব্যক্ত করেন শিক্ষক নেতারা। দেশের বেসরকারি শিক্ষকসমাজ বাকবিশিসের সাথে সংযুক্ত থেকে নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়।