দুঃখগুলো মোমের মতো; পোড়াও যতোই
শেষ হয়েও কিছু দুঃখ জমাট থাকে অবশিষ্টে
ছাই উড়ে যায় দুয়েক পশলা দমকা হাওয়ায়
মোম উড়ে না, আঁকড়ে থাকে আষ্ঠেপৃষ্ঠে
দুঃখগুলো মেঘের মতো; ঝরাও যতোই
বৃষ্টি হয়ে, বাষ্পরূপের জোয়ার ভাটায়
আবার ঝরে, আবার উড়ে চক্রবালে
অশ্রুগ্রন্থি শুকায়, তবে রক্তক্ষরণ ঠিক বয়ে যায়
দুঃখগুলো গাছের মতো, আবার গজায়
নুতন কান্ড প্রবল ঝড়ে উপড়ে গেলে
ঘুমিয়ে থাকা খুব পুরাতন শেকড়গুলো
জেগে ওঠে নুতন দুঃখের স্পর্শ পেলে
দুঃখগুলো স্মৃতির মতো; খুব গোপনের
দীর্ঘশ্বাসে কাঁপায় মনের ভেতর বাড়ি
কেউ দেখে না কয়টি পাঁজর ভাঙলো বুকের
ছিঁড়লো ক'টি ধমনি আর কয়টি নাড়ি
দুঃখগুলো সুখের মতো; আগলে রাখা
যক্ষের ধন এই ফিরে পাই, আবার হারায়
দুঃখগুলো বুকের খাঁচায় পুষে রাখা মোহন অসুখ
সুখের মতো অহর্নিশি শিস দিয়ে যায়