ওদের মাথার উপর চাল নাই, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই---
জন্ম থেকেই ওদের নাই এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক।
ওরা কাজ করে কলকারখানায়, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে,
ওদের ন্যায্য মজুরি নাই, চাওয়া পাওয়ার দাবি থাকতে নাই
ওদের শ্রমের ফসল সবার মৌলিক চাহিদা মেটায়
অথচ ওদের মৌলিক চাহিদা বলতে কিছু নাই।
কলকারখানার দুর্ঘটনায় ওরাই শিকার হয়,
ধ্বংসস্তূপের নিচে ওরা হারিয়ে যায়
অথচ ওদের কোনো ক্ষতিপূরণ নাই।
নাম গোত্রহীন ওদের সন্তানরাই আজ পথশিশু,
ওদের ভবিষ্যৎ কেড়ে নিয়ে শাসকশ্রেণি ক্ষমতা ফলায়।
ওরাই প্রকৃত মানুষ
ওদের আনন্দ-বেদনা, সুখ-দুঃখ সবই সমান,
বিশেষ দিন বলে ওদের জীবনে কিচ্ছু নাই
শতাব্দীর লাঞ্ছনা-বঞ্চনা তাই পর্বতপ্রমাণ।