শিক্ষাখাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি বাকবিশিস'র
- হাসান মেহেদী:
-
২০২৩-১০-০৬ ১০:৩১:৫৫
- Print
ইউনেস্কো'র সুপারিশ অনুযায়ী দেশের মোট জিডিপির ৬ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ নিশ্চিত না করা পর্যন্ত শিক্ষকের জীবনযাত্রার মানোন্নয়ন যেমন সম্ভব নয় তেমনি দেশের সামগ্রিক উন্নয়নে শিক্ষার ফলপ্রসূ অর্জনও অসম্ভব বলে মত দিয়েছেন দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিক্ষাবিদগণ। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) আয়োজিত এক আলোচনা সভায় তাঁরা এই মন্তব্য করেন। গতকাল (বৃহস্পতিবার) বিকাল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মোজাফফর হায়দার চৌধুরী মিলনায়তনে সংগঠনটির
কেন্দ্রীয় কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বাকবিশিস'র কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর ও শিক্ষক নেতা অধ্যাপক শাহিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের সভাপতি ও ইমেরিটাস অধ্যাপক খন্দকার বজলুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ব শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম,
পেশাজীবী সমন্বয় পরিষদের ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. অধ্যাপক কামরুল হাসান খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জমান, বাকবিশিস‘র প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আজিজুর রহমান, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, ঢাকা মহানগর
কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান মজুমদার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আকমল হোসেন প্রমুখ। শিক্ষক নেতারা শিক্ষাক্ষেত্রে সকল ধরনের বৈষম্য নিরসনে অসাম্প্রদায়িক, সার্বজনীন ও বিজ্ঞানমনস্ক একমুখী শিক্ষা প্রবর্তন এবং শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানান।