বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি'র

  • খবর বিজ্ঞপ্তি
  • ২০২৬-১১-২৬ ২১:০৬:২৭

সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নগরীতে যেসব গাছ রোপণ করেছে, সেগুলো নষ্ট ও ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। গবাদি পশু ছেড়ে দিয়ে গাছ খাওয়ানো, গাছের ওপর নির্মাণসামগ্রী রাখা এবং গাছের স্থানে অবৈধভাবে দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কেসিসি সূত্রে জানা যায়, সরকার ঘোষিত কর্মসূচির আওতায় খুলনা সিটি কর্পোরেশন ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে নগরীর বিভিন্ন উন্মুক্ত স্থানে প্রায় ২৩ হাজার ৫০০টি গাছ রোপণ সম্পন্ন হয়েছে। বিশেষায়িত হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের এলাকা, মুজগুন্নী মহাসড়ক (নতুন রাস্তা মোড় থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল পর্যন্ত), নিরালার মোড়, নিরালার সিটি কলেজ হোস্টেলের সামনের এলাকা এবং নিরালার তাবলিগ মসজিদের সামনের অংশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব গাছ লাগানো হয়েছে।
তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, নগরীর বিভিন্ন স্থানে সদ্য রোপিত এসব গাছের ব্যাপক ক্ষতিসাধন করা হচ্ছে। কোথাও হকার ও ব্যবসায়ীরা রোপিত গাছের মধ্যে দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন, আবার কোথাও ইট, বালু, খোয়া ও অন্যান্য নির্মাণসামগ্রী সরাসরি গাছের ওপর ফেলে রাখা হচ্ছে। এতে গাছের ঘেরা-বেড়াসহ চারাগাছগুলো মারাত্মকভাবে নষ্ট হচ্ছে।
অন্যদিকে, দৌলতপুর থানাধীন কেসিসির ০৬ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তা থেকে বিজিবি ০৩ নম্বর গেট পর্যন্ত মুজগুন্নী মহাসড়কে রোপিত ২০০টিরও বেশি গাছ নষ্ট করার অভিযোগ উঠেছে। খুলনার দৌলতপুর থানার পাবলা দক্ষিণপাড়ার স্থানীয় বাসিন্দা মৃত বশির উল্লাহ ওরফে বসুমিয়ার পুত্র শেখ মো: ইব্রাহিমের পালিত ৮/৯টি গরু ছেড়ে দিয়ে এসব গাছ নষ্ট করেছেন বলে অভিযোগ রয়েছে। বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি গরুগুলো ছেড়ে রাখায় ‘পরিবেশ দূষণ রোধ ও কেসিসি’র নগরী সবুজায়ন প্রকল্প’ মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে বলে জানান ওই ওয়ার্ডের সচিব শেখ মোঃ জুলফিকার আলী। এ বিষয়ে ২৬ নভেম্বর তারিখে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ বরাবর সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ দায়েরের মাধ্যমে জরুরি ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
এ ছাড়া নগরীর বিভিন্ন রাস্তার পাশে ও গুরুত্বপূর্ণ স্থানে সদ্য রোপিত গাছের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) রাজিব আহমেদ স্বাক্ষরিত পত্রে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনারের কাছে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে খুলনা সদর, সোনাডাঙ্গা মডেল, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানাসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এবং কেসিসির এস্টেট অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন জানান, সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নগরীর বিভিন্ন উন্মুক্ত স্থানে প্রায় ২৩ হাজার ৫’শ টি গাছ রোপণ সম্পন্ন করেছে। সম্প্রতি ওইসব গাছ গবাদি পশু নষ্ট করছে। ইতিমধ্যে কেসিসি কর্তৃপক্ষের নির্দেশে গাছ নষ্ট ও ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, দুঃখজনক বিষয় হলো, খানজাহান আলী থানার ওসিকে বিষয়টি অবগত করা হলে তিনি কোনো গুরুত্ব দেননি, বরং ঘুরিয়ে-পেঁচিয়ে নানা আইনকানুন দেখিয়েছেন। থানার ওসির কাছ থেকে এ ধরনের অসহযোগিতা পেলে প্রধানমন্ত্রীর ঘোষিত এ কর্মসূচি বাস্তবায়নে আমরা বাধাগ্রস্ত হবো।
কেসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর পরিবেশ সুরক্ষা এবং সবুজায়ন প্রকল্প রক্ষায় রোপিত গাছ নষ্ট বা দখলকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না; সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

 


এ জাতীয় আরো খবর