বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

খুলনা বিআরটিসিতে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ,দুদকের অভিযান

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-১১-২৬ ২০:২০:৩৯

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও বিআরটিসি কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুদকের একটি দল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন দুদকের উপ-সহকারী পরিচালক মহসিন আলী, শামীম রেজা ও হাসিবুর রহমান। বিআরটিসি কর্তৃক চার মাসব্যাপী ড্রাইভিং ও বেসিক রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে উপ-সহকারী পরিচালক মহসিন আলী জানান, দুদকের কাছে অভিযোগ আসে, বিআরটিসিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত ২ হাজার ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। অথচ সরকারি নিয়ম অনুযায়ী প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার কথা।
তিনি বলেন, প্রতিটি ব্যাচে ১০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়ার বিধান নেই। বরং সরকারি নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ শুরুর ৩০ দিন পর প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা রয়েছে।
মহসিন আলী আরও জানান, চার মাসের এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বিআরটিএতে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগ পান। কিন্তু প্রশিক্ষণার্থীদের অভিযোগ, লাইসেন্সের চূড়ান্ত পরীক্ষার সময় তাদের কাছ থেকে অতিরিক্ত ২ হাজার ৫০০ টাকা করে আদায় করা হয়েছে।

 


এ জাতীয় আরো খবর