বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

ঢাকা-পাবনা রুটে ট্রেন চলাচল শুরু ২০ নভেম্বর,টিকিট বিক্রি শুরু

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১১-১২ ০৯:৫৫:১২
ছবি: সংগৃহীত।

পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’ নামের দুই আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট মিলছে অনলাইনে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা-পাবনা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। নতুন এই রেলসেবা ঘিরে পাবনাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ট্রেন চালুর ফলে রাজধানী ঢাকার সঙ্গে পাবনার যোগাযোগ আরও সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সাশ্রয়ী হবে।
এই রুটে চলাচলের জন্য ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’ নামে দুটি নতুন আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পূর্বঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। প্রাথমিকভাবে আগামী ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে প্রথম তিন দিনের যাত্রার টিকিট উন্মুক্ত করা হয়েছে। পরবর্তী সময়ে রেলওয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতিটি যাত্রার নির্ধারিত দিনের ১০ দিন আগে অনলাইনে টিকিট পাওয়া যাবে।
টিকিটের দাম ও সংগ্রহের নিয়ম
পাবনা থেকে ঢাকার সাধারণ আসনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২৫ টাকা। অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম ‘সহজ’-এর ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হওয়ায় একজন যাত্রীকে মোট ৪৪৫ টাকা পরিশোধ করতে হবে।
১৯ নভেম্বর বিশেষ ট্রেনে উদ্বোধন
নতুন রেলসেবার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৯ নভেম্বর (বৃহস্পতিবার)। ওই দিন বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামের একটি বিশেষ ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
উদ্বোধনী বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে না। যাত্রীদের পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে টিকিট সংগ্রহ করতে হবে। বিশেষ ট্রেনটি যাত্রাপথে শুধু ঈশ্বরদী স্টেশনে বিরতি দেবে।
নিয়মিত ট্রেনের সময়সূচি
আগামী ২০ নভেম্বর থেকে ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’ নিয়মিত বাণিজ্যিক যাত্রা শুরু করবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’। অন্যদিকে, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা করবে।
নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী আটটি স্টেশনে যাত্রাবিরতি দেবে। স্টেশনগুলো হলো-ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর।
দীর্ঘদিনের প্রত্যাশিত এই সরাসরি রেলযোগাযোগ চালু হলে পাবনা অঞ্চলের যাত্রীদের রাজধানীতে যাতায়াতের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের প্রয়োজনে ঢাকা যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে আশা করছেন স্থানীয়রা।

ঢাকাপাবনাট্রেন, পাবনাপ্রভাতী, পাবনাগোধূলি


এ জাতীয় আরো খবর