সোমবার, নভেম্বর ৯, ২০২৬

সরকারি সেবায় হয়রানি নয়,মানবিকতা নিশ্চিত করতে হবে: নবীন বিসিএস কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক |
  • ২০২৬-১১-০৮ ২১:৪৯:১৯
ছবি: সংগৃহীত।

সকালের আলো ডট কম
সরকারি প্রশাসনে সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। জনগণ সরকারি কর্মকর্তাদের কাছ থেকে শুধু আদেশ-নির্দেশ নয়, মানবিক আচরণও প্রত্যাশা করে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন,একটি সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অপরিহার্য। এসব গুণ একজন কর্মকর্তার পেশাগত জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি রাষ্ট্র ও সরকারকেও শক্তিশালী করে।
চার মাসের প্রশিক্ষণ শেষে নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, একাডেমিক জ্ঞান অর্জনের পর ব্যবহারিক জীবনে সেই জ্ঞান প্রয়োগের কৌশল তাঁরা প্রশিক্ষণের মাধ্যমে শিখেছেন। এখন কর্মক্ষেত্রে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মধ্য দিয়ে অর্জিত জ্ঞানের প্রতিফলন ঘটাতে হবে।

ছবি: পিএমও
প্রধানমন্ত্রী বলেন, বিসিএসের বিভিন্ন ক্যাডারে কর্মকর্তাদের কর্মস্থল ও কাজের ধরন আলাদা হতে পারে। কিন্তু তাঁদের সবার প্রথম ও প্রধান পরিচয় জনপ্রশাসনের কর্মকর্তা। আর মূল দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা।
সরকারি দপ্তরে সেবা নিতে আসা মানুষের সঙ্গে কর্মকর্তাদের আচরণের ওপর বিশেষ গুরুত্ব দেন তারেক রহমান। তিনি বলেন, জীবনের প্রয়োজনে প্রত্যেক মানুষেরই কখনো না কখনো অন্যের সহযোগিতা প্রয়োজন হয়। তাই নিজেরা অন্যের কাছ থেকে যে ধরনের ব্যবহার প্রত্যাশা করেন, নাগরিকদের সঙ্গেও তেমন আচরণ করতে হবে।
এর উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো নাগরিকের আবেদনপত্রে ভুল থাকলে শুধু ভুলের কথা জানিয়ে তাঁকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। বরং সুনির্দিষ্টভাবে ভুলটি দেখিয়ে দেওয়া এবং কোথায় গিয়ে কীভাবে সংশোধন করতে হবে, সে বিষয়ে পরামর্শ দেওয়া প্রয়োজন। এ ধরনের সহযোগিতাই মানবিকতা ও আন্তরিকতার পরিচয় বহন করে।
তিনি আরও বলেন, প্রশাসনের কর্মকর্তাদের অবশ্যই প্রচলিত বিধিবিধান ও আইনের আওতায় দায়িত্ব পালন করতে হবে। তবে দায়িত্ব পালনের পাশাপাশি নাগরিকের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করাও আধুনিক রাষ্ট্র ও প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
পছন্দের পদে পদায়ন কিংবা পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর ভাষায়, দেশের যেকোনো স্থানে জনপ্রশাসনের যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাই প্রকৃত পেশাদারত্বের পরিচয়।
তিনি বলেন, একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ী নয়। তাই ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে।
প্রশাসনে রাজনৈতিক নিরপেক্ষতার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, কোনো রাজনৈতিক দলের প্রতি কর্মকর্তাদের ব্যক্তিগত সমর্থন থাকাটা দোষের নয়। তবে সেই সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।
তিনি বলেন, বর্তমান সরকারও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। তবে নির্বাচনে জনগণ যে ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, সেটি এখন জনগণের ইশতেহার ও জনগণের দলিল। সেই ইশতেহার বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা সহজ ও নাগরিকবান্ধব করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের ইতিবাচক মানসিকতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। বিশেষ করে নবীন কর্মকর্তাদের এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
দেশের পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় নবীন কর্মকর্তাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঘরবাড়ি, অফিস-আদালতসহ চারপাশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন পরিবেশ ও দেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানের একপর্যায়ে চার মাসব্যাপী ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে শীর্ষ ১০ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর বক্তব্যে নবীন প্রশাসনিক কর্মকর্তাদের পেশাগত সততা, রাজনৈতিক নিরপেক্ষতা, নাগরিকবান্ধব সেবা এবং মানবিক আচরণের বিষয়গুলো বিশেষভাবে উঠে আসে।

বিসিএস কর্মকর্তা,মানবিক প্রশাসন,তারেক রহমান


এ জাতীয় আরো খবর