সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নীলফামারীতে ১৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এম সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন:
ব্যাংকটির চেয়ারম্যান আলহাজ্ব মো. নূরুন নেওয়াজ,জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক হুমায়রা মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, "এনসিসি ব্যাংক কেবল বাণিজ্যিক কার্যক্রমে সীমাবদ্ধ নেই,তারা দেশের অন্নদাতা কৃষকদের কথাও সমানভাবে চিন্তা করে।" ব্যাংকটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, তাঁর অনুরোধে নীলফামারী সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য একটি বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ, যা খুব শীঘ্রই প্রদান করা হবে। অতীতে এ ধরনের বড় কোনো জনকল্যাণমূলক উদ্যোগ দেখা যায়নি বলে তিনি মন্তব্য করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম সামসুল আরেফিন জানান, নীলফামারী সদর ছাড়াও ডোমার ও ডিমলা উপজেলার প্রতিটিতে ৫০০ জন করে মোট ১৫০০ কৃষককে এই সহায়তা দেওয়া হচ্ছে। প্রতিটি প্যাকেজে রয়েছে:
ডিএপি সার: ২০ কেজি
এমওপি সার: ১৫ কেজি
জিপসাম: ১০ কেজি
জিংক: ১ কেজি
ধান বীজ: ৫ কেজি