বুধবার, নভেম্বর ৪, ২০২৬

এ ম দা দ শু ভ্র

  • কাতর পাথর মন
  • ২০২৬-১১-০৪ ১৫:৪৯:৩০

কতো আর দেখাবে তুমি
অবারিত বন,
ধূসর ধুলো, মরুভূমি,
অচেনা স্বজন।
দেখতে চাই না আমি, চাই না দেখতে আর চোখে;
বিহ্বল, দিশেহারা, কাতর পাথর মন—শোকে।

কতো আর শোনাবে ডেকে,
ভুলে যাওয়া সুর,
হালখাতা, বাকিটা দেখে
বোঝাবে সুদূর।
শুনতে চাই না আমি, চাই না শুনতে আর কানে;
বিহ্বল, দিশেহারা, কাতর পাথর মন—প্রাণে।

কতো আর বোঝাবে বলো,
বেগানা পথিক,
একাকী চলো, না-চলো—
যাতনা অধিক।
বুঝতে চাই না আমি, চাই না বুঝতে আর বেশি;
বিহ্বল, দিশেহারা, কাতর পাথর মন—শেষই।


এ জাতীয় আরো খবর