বুধবার, নভেম্বর ৪, ২০২৬

কলারোয়ার খোর্দো বাজারে পাটের গোডাউনে ভয়াবহ আগুনে বিপুল পরিমাণ পাট পুড়ে ছাই

  • সরদার কালাম
  • ২০২৬-১১-০৩ ১৩:৪৮:০৮
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়ার খোর্দো বাজারে একটি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নির্জন এলাকায় পাটের গোডাউনে রাতের আঁধারে আকস্মিক এই আগুনে গোডাউনে মজুত রাখা সব পাট পুড়ে ছাই হয়ে গেছে।প্রতিটি পাটের বস্তায় আংশিক আংশিক অংশ বাকি থাকলেও তা বাজারে বিক্রির জন্য অচল মূল্যহীন প্রায়। সরেজমিনে গিয়ে জানা গেছে,গত (২ নভেম্বর -২৬ ইং) সোমবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ১২ টার দিকে উপজেলার খোর্দো বাজারের স্যার পাট বিজ কিটনাশক ব্যবসায়ী মোঃ গোলাম ফারুক মধুর পাটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে গুদামে সংক্রমিত হয়। উপজেলার খোরদো প্রাথমিক বিদ্যালয় এর পেছনের দিকে অবস্থিত গোডাউনে লাগা আগুনের তীব্রতা দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এবং সাথে সাথে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনে থাকা বেশিরভাগ পাট পুড়ে ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত গোডাউন মালিক ও ব্যবসায়ী গোলাম ফারুক মধু ও তার ছেলে এজাজ বলেন, ধারণা করা হচ্ছে গোডাউনের পেছন দিক থেকে হিংসাত্মক ও শত্রুতা করে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। তারা জানান সেখানে সাড়ে তেরোশো মন পাট ছিল, যার বাজার মূল্য ৬০- ৬৫ লাখ টাকা। তার ছেলে এজাজ মাহমুদদের দাবি, শত্রুতা মূলক কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে এবং আগুনে সব পাট পুড়ে গেছে।যা আর বিক্রয়ের উপযুক্ত নাই। এতো বড় ক্ষতি স্বাভাবিক ভাবে কোনও মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না আর ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী পরিবারও মানসিক ভাবে ভেঙে পড়েন। সচেতনজনেরা মনে করেন, যদি কেউ হিংসাত্মক মনোভাব নিয়ে শত্রুতা করে ক্ষতি করে থাকে তবে সমাজে এভাবে কেউ কাউকে ক্ষতি করা ঠিক না এবং এমন কাজ অমানবিক।খোদা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারকে ধৈর্য ধারণের ক্ষমতা দেক বলে শান্তনা দেন সচেতনজনেরা। তবে এদিকে প্রাথমিকভাবে শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে এ আগুনের সূত্রপাত হয়েছে,তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এই আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর মাথায় হাত ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক এবং ব্যথিত হয়েছেন অনেকেই।আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পরিবার ও বাজারের স্থানীয়রাসহ গোডাউন পার্শ্ববর্তী খোরদো ক্যাম্প পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো খবর