টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে নীলফামারীর চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মহেড়া স্টেশন এলাকা অতিক্রম করার সময় পেছনের একটি বগির চাকা লাইন থেকে সরে যায়। এ সময় চালক ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
দুর্ঘটনায় রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা ও উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বয়োবৃদ্ধদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
মহেড়া রেলওয়ে স্টেশনের মাস্টার সোহেল রানা জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধার ও রেললাইন মেরামতের জন্য রিলিফ ট্রেনের প্রয়োজন। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে বগিটি সরিয়ে লাইন মেরামতের কাজ শুরু করা হবে।
লাইনচ্যুতির কারণ সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে ট্রেনের যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। উদ্ধারকাজ ও রেললাইন মেরামত শেষ না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব নয়।
এদিকে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করে রেল যোগাযোগ চালুর দাবি জানিয়েছেন ভোগান্তিতে পড়া যাত্রীরা।