মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

নওগাঁয় নার্সের মৃত্যু ঘিরে রহস্য,হত্যা নাকি আত্মহত্যা?

  • মোঃ রিমন আহমেদ
  • ২০২৬-১০-১৯ ২১:৩৬:৪০

নওগাঁ : 
নওগাঁ জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসরিন খাতুনের (৩০) মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে নওগাঁ সদর মডেল থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
নাসরিন খাতুন স্বামী আব্দুল মালেক ও সাত বছর বয়সী সন্তানকে নিয়ে হাসপাতালসংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগের রাতেও তিনি হাসপাতালে দায়িত্ব পালন করেন। দায়িত্ব শেষে বাসায় ফেরার সময় তাঁকে সুস্থ দেখা গিয়েছিল বলে জানান তাঁরা।
সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মীদের মধ্যে শোক ও বিস্ময়ের সৃষ্টি হয়। সহকর্মীদের অভিযোগ, নাসরিনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পারিবারিক কলহের জেরে তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাঁরা সন্দেহ প্রকাশ করেন। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় নাসরিনের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পরই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 


এ জাতীয় আরো খবর