মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

নওগাঁর পোরশায় ছিনতাই: ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২

  • মোঃ রিমন আহমেদ
  • ২০২৬-১০-১৮ ২০:০৬:২১

নওগাঁ 
নওগাঁর পোরশায় পূজার ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন একটি পরিবারের সদস্যরা। এ ঘটনায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি ধারালো হাসুয়া ও একটি চাকু জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে পোরশা উপজেলার ফুলতলা এলাকায় সরাইগাছী-নিতপুর আঞ্চলিক সড়কের পাশের একটি গ্রামীণ রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ৩ থেকে ৪ জন ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে একটি ব্যাগ, এক জোড়া স্বর্ণের কানের দুল, রুপার নূপুর ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা পুলিশ অভিযান শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং গোপন তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় ১৮ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে সাপাহার উপজেলার দিঘীরহাট এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর (৩৮) ও সুমন ওরফে শাহিন (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি ধারালো হাসুয়া ও একটি চাকু জব্দ করে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি ও দস্যুতাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এ জাতীয় আরো খবর