নওগাঁ
নওগাঁর মহাদেবপুরে জমিতে কীটনাশক দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আনিছার রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় উসমান গনি নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার খেজুর ইউনিয়নের রনাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিছার রহমান ওই গ্রামের সাহাজানের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন সাহাজান, মতিন, পেন্টু, দুলাল, আব্দুল মান্নান, মাসুদ হোসেন ও আব্দুল সামাদ। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, জমি নিয়ে বিরোধের জেরে কীটনাশক দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আনিছার রহমানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উসমান গনি নামে একজনকে আটক করা হয়েছে।