চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যেও চাইতে অতিরিক্ত মূল্যে এবং লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুই ব্যবসায়ীর গোডাউনে মজুদ থাকা বিভিন্ন প্রকার ৫০ বস্তা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের নিকট বিক্রি করে বিক্রির টাকা ব্যবসায়ীদের প্রদানের জন্য সংশ্লিস্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, মঙ্গলবার(১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ইসলামপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানে বেড়াপাড়া বাররশিয়া (হায়াত মোড়) এলাকার সারের খুচরা ডিলার মজিবুর রহমানকে অতিরিক্ত মূল্যে সার বিক্রির দায়ে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। তাঁর গোডাউনে মজুদ ছিল ২৬ বস্তা সার। অপর দিকে ক্লাবহাট এলাকার ব্যবসায়ী খাইরুল ইসলামকে অতিরিক্ত মূল্যে এবং লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। তাঁর গোডাউনে মিলে ২৪ বস্তা সার।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) একরামুল হক নাহিদ বলেন, কৃষকদের নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে। অভিযানে উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, অতিরিক্ত কৃষি অফিসার আনিসুল হক সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।