দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রোববার বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ একটি কার্যকর ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যাশা করে। গণতান্ত্রিক মূল্যবোধ দুর্বল হয়ে পড়লে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার সুরক্ষিত রাখা কঠিন হয়ে যায়।
সাক্ষাৎকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তিনি সাম্প্রতিক জন্মাষ্টমী ও রথযাত্রাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পালনে সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের কল্যাণে সরকারের বিভিন্ন সহায়তা, পুরোহিত ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানী কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরেন। এসব পদক্ষেপে সনাতন ধর্মাবলম্বীদের সন্তুষ্টির কথাও রাষ্ট্রপতিকে জানান তিনি।
এ সময় পরিষদের নেতারা হিন্দু সম্প্রদায়সহ দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার এবং সমান অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপে উপস্থিত হয়ে ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান প্রতিনিধিদলের সদস্যরা। রাষ্ট্রপতি আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক পরিচয়ের পরিবর্তে যোগ্যতা, ন্যায়সঙ্গত অধিকার ও সমতার ভিত্তিতে সব নাগরিকের জন্য ন্যায্য সুযোগ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
তিনি হিন্দু সম্প্রদায়সহ দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে শারদীয় দুর্গোৎসব দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি, দুর্গাপূজা