চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে বিজিবি’র পৃথক দৃুুটি অভিযানে ৩ কোটি ৬ লক্ষ ৯৪ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় স্মার্টফোন,ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ ও বেনারসি শাড়ি উদ্ধার হয়েছে। অভিযানে জব্দ হয়েছে নিবন্ধন নম্বরবিহীন একটি ভারতীয় ট্রাক এবং একটি অটোরিক্সা। তবে এসব অভিযানে কেউ গ্রেপ্তার হয় নি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গোপন খবরের ভিত্তিতে খড়কপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২০১/৮৩ এস হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে ভোলাহাট সদর ইউনিয়নের আলী মোড় এলাকায় সড়কের উপর অভিযান চালায়। এ সময় একটি অটোরিক্সা হতে জব্দ হয় ৪৯ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ১৩৫ পিস ভারতীয় চোরাই স্মার্টফোন। তবে অভিযানকালে অটোরিক্সা চালক পালিয়ে যায়।
বিজিবি আরও জানায়, এর আগে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে শিবগঞ্জের সোনামসজিদ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৮৪/২ এস হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে সড়কের উপর অভিযান চালায়। অভিযানে মালিক ও নিবন্ধন নং বিহীন একটি পাথর বোঝাই ভারতীয় ট্রাক তল্লাশী করে পাথরের মধ্যে লুকানো ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও ৫পিস বেনারসি শাড়ি উদ্ধার ও ট্রাকটি জব্দ করে। ট্রাকসহ জব্দ মালামালের মূল্য ২ কোটি ৫৭ লক্ষ ৭৯ হার্জা টাকা ।
বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, অভিযানে জব্দ মালামালের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।