ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের একবারে নাকের ডগায় অবস্থিত ঐতিহ্যবাহী ডুমুরিয়া বাজার।দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে ডুমুরিয়া বাজারের ফুটপাত ও সরকারি জায়গা দখলের প্রতিযোগিতা। ডুমুরিয়া বাজারের পাশেই অবস্থিত ডুমুরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক অফিস। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দৈনন্দিন এবং দাপ্তরিক কাজে প্রত্যন্ত অঞ্চল থেকে উপজেলা সদরে হাজার হাজার লোকের আসা-যাওয়া করতে হয়। ডুমুরিয়া বাজারের ভিতর দিয়ে হাসপাতাল, বিভিন্ন এনজিও অফিস এবং উপজেলা সদরে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের সড়ক ব্যবস্থা ডুমুরিয়া বাজারের ভিতরের রাস্তা। কিন্তু বাজারের ভিতর চলাচলের রাস্তার ফুটপাত অবৈধ দখলদারদের দখলে।এই গুরুত্বপূর্ণ বাজারে দীর্ঘদিনের এই অনিয়ম এখন চরম জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজার ও সংলগ্ন রাস্তার ফুটপাত থেকে শুরু করে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকানপাট। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী মহল এই ফুটপাত পজিশন আকারে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ফলে বাধ্য হয়ে ক্রেতা ও সাধারণ পথচারীদের মূল সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
ফুটপাত হাতছাড়া হওয়ায় প্রধান সড়কে প্রতিনিয়ত লেগে থাকছে তীব্র যানজট। এ যানজট ও যাতায়াতের স্থান নিয়ে সাধারণ পথচারী ও ক্রেতাদের সঙ্গে অবৈধ দখলদারদের প্রায়শই বাকবিতণ্ডা হচ্ছে। এমনকি সাধারণ মানুষ শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার মতো অপ্রীতিকর ঘটনাও ঘটছে হরহামেশা।
বাজারের এমন নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে স্থানীয় ডুমুরিয়া বাজার কমিটি রহস্যজনকভাবে নির্বিকার ভূমিকা পালন করছে বলে অভিযোগ ক্ষুব্ধ সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসীর। এতে দিন দিন দখলদারদের দাপট আরও বৃদ্ধি পাচ্ছে।
পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এবং যানজট ও দখলমুক্ত পরিচ্ছন্ন ডুমুরিয়া বাজার গড়ার লক্ষ্যে সাধারণ ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা দ্রুত স্থানীয় উপজেলা প্রশাসনের কঠোর আইনি হস্তক্ষেপ ও উচ্ছেদ অভিযানের দাবি জানিয়েছেন।