চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় হাঁস পালনের জন্য তৈরী করা গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার(১৩ আগষ্ট) দুপুর ২টার দিকে জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। শিশু দুজন হল ওই গ্রামের মো. রাজুর ছেলে মো. কায়সার(৩) ও একই গ্রামের মো. সানাউরøাহর ছেলে মো.নূর হোসেন(৪)।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে খেলতে খেলতে সকলের অগোচরে রাজুর বাড়ির দক্ষিন দিকে হাঁস পালনের জন্য খনন করা গর্তের পানিতে ডুবে যায় শিশু দুজন। পরে পরিবারের সদস্যরা খুঁজতে খুঁজতে তাদের ওই গর্তের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।