দীর্ঘ এক বছর চার মাসেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে চিকিৎসাধীন থাকার পর সাময়িকভাবে দেশে ফিরেছেন বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট) সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। তার সঙ্গে ছিলেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।
পরিবার সূত্রে জানা গেছে,এটি স্থায়ী প্রত্যাবর্তন নয়। চিকিৎসার পরবর্তী গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার জন্য আগামী ১৫ আগস্ট আবারও লন্ডনে উপস্থিত থাকতে হবে তাকে। সে কারণে ১৪ আগস্টের আগেই যুক্তরাজ্যে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর থেকে দীর্ঘ সময় ধরে লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। গত বছরের এপ্রিলের শেষ দিকে চিকিৎসার উদ্দেশ্যে তিনি যুক্তরাজ্যে যান। পরে একই বছরের আগস্ট মাসে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। তবে ঝুঁকির কারণে টিউমারের পুরো অংশ অপসারণ সম্ভব হয়নি।
এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি,পর্যবেক্ষণ এবং বিভিন্ন ধাপে চিকিৎসা চলছে। এ পর্যন্ত তাকে প্রায় ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘ চিকিৎসার প্রভাবে তার শারীরিক গঠনেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
পরিবারের ভাষ্য, সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করা হলেও প্রত্যাশিত মাত্রায় সুস্থতা এখনো ফিরে আসেনি। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার পাশাপাশি নিজের ইচ্ছাতেই কয়েক দিনের জন্য দেশে ফেরার সিদ্ধান্ত নেন ইলিয়াস কাঞ্চন। পরিবারের সদস্যরাও সেই সিদ্ধান্তে সম্মতি দেন।
দেশে অবস্থানকালে তিনি স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে কিছু সময় কাটানোর পাশাপাশি বিশ্রামে থাকবেন বলে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চলাফেরা ও দৈনন্দিন কর্মকাণ্ডও সীমিত রাখা হবে।
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ইলিয়াস কাঞ্চন অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেতা। আশির ও নব্বইয়ের দশকে তিনি অসংখ্য ব্যবসাসফল ও দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে অনন্য জনপ্রিয়তা অর্জন করেন।‘বেদের মেয়ে জোছনা’,‘শঙ্খমালা’,‘অন্য জীবন’,‘সুখের স্বর্গ’সহ বহু আলোচিত চলচ্চিত্রে তার অভিনয় এখনো দর্শকদের কাছে সমানভাবে সমাদৃত।
অভিনয়ের পাশাপাশি স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম মুখপাত্র হিসেবে দীর্ঘদিন ধরে জনসচেতনতা তৈরিতে কাজ করে আসছেন তিনি। শিল্প ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' এবং দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'একুশে পদক' অর্জন করেছেন।
ইলিয়াস কাঞ্চন, ব্রেন টিউমার, লন্ডনে চিকিৎসা