জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং চারজনকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পৃথক অভিযোগের ভিত্তিতে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সাদেকা হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শ্রেণিকক্ষের ভেতরে ও বাইরে শিক্ষকসুলভ আচরণের পরিপন্থী কর্মকাণ্ড এবং নৈতিক স্খলনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এ ছাড়া বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগ এবং বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও অধ্যাপক ড. আফরোজা শেলীকেও সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী কর্মকাণ্ড, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার, নিষিদ্ধ সংগঠনের পক্ষে অবস্থান এবং হুমকি দেওয়ার অভিযোগে ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মুহিতকে বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।
একই ধরনের অভিযোগে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামকেও একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ছাড়া ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম এবং এমফিল ও পিএইচডি গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ ওঠায় তাকেও সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগের ধরন ভিন্ন হলেও জুলাই গণঅভ্যুত্থানের সময় তাঁদের অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় ছিল।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৮ জুলাই অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ‘জুলাইয়ের চেতনা-বিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ’-সংক্রান্ত আলোচনার পর এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষক, প্রশাসনিক ব্যবস্থা