ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার নবনির্বাচিত ২০২৬-২৭ মেয়াদকালের কমিটির আত্মপ্রকাশ ও পরিচিতি সভা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮-৭-২৬ মঙ্গলবার সকাল ১১টায় ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমানের অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ৬ আগস্ট সকাল ১১টায় ডুমুরিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয় মিলনায়তনে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি আনন্দঘন, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতার বিষয়ে ওসি খন্দকার হাফিজুর রহমানের সাথে বিস্তারিত আলোচনা করেন নিসচা নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, “সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা রোধে 'নিরাপদ সড়ক চাই' দীর্ঘদিন ধরে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত কমিটির আগামী ৬ আগস্টের পরিচিতি সভা সফল করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।”
উক্ত মতবিনিময় সভায় নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ নিসচার সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে এবং ডুমুরিয়ার সড়কগুলোকে নিরাপদ রাখতে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।