ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং আগামী ৮ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য 'সড়ক যোদ্ধা'দের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭-৬-২৬ সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সবিতা সরকার'র অফিসে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার প্রতিনিধি দল এই মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ জানান, আগামী ৬ আগস্ট (২০২৬) সকাল ১১টায় ডুমুরিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয় হল রুমে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। এছাড়া, নিরাপদ সড়কের দাবিতে আগামী ৮ আগস্ট সারা দেশ থেকে আগত সড়ক যোদ্ধাদের অংশগ্রহণে ঢাকায় এক মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। উক্ত ঢাকা মহাসমাবেশ সফল ও অর্থবহ করতে স্থানীয় পর্যায়ে সর্বাত্মক প্রস্তুতির বিষয়ে ইউএনও’কে অবহিত করা হয় এবং তাঁর সহযোগিতা কামনা করা হয়।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার সড়ক দুর্ঘটনা রোধে নিসচা’র সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আগামী দিনের সকল ইতিবাচক পদক্ষেপে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় সড়ক যোদ্ধারা উপস্থিত ছিলেন।