বাংলাদেশ পুলিশের ইতিহাসে একসময় নারী সদস্যদের ভূমিকা ছিল সীমিত। প্রশাসনিক ও সহায়ক দায়িত্বেই তাদের অংশগ্রহণ বেশি দেখা যেত। কিন্তু সময়ের সঙ্গে সেই বাস্তবতা বদলেছে। বর্তমানে কনস্টেবল থেকে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পর্যন্ত প্রতিটি স্তরে নারী পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। নেতৃত্ব, অপরাধ তদন্ত, শিল্পাঞ্চলের নিরাপত্তা, সাইবার অপরাধ দমন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং জনবান্ধব পুলিশিং-সব ক্ষেত্রেই তারা নিজেদের দক্ষতা ও সক্ষমতার স্বাক্ষর রাখছেন।
১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথম নারী সদস্য নিয়োগের মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, পাঁচ দশকেরও বেশি সময় পরে তা আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে বাহিনীতে ১৭ হাজার ৯৭০ জন নারী সদস্য কর্মরত, যা মোট জনবলের প্রায় ৯ দশমিক ০৭ শতাংশ। সংখ্যাটি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে না পৌঁছালেও দায়িত্ব ও নেতৃত্বের পরিধি উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে।
শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক গাজী জসিম উদ্দিন বলেন, নারী সদস্যরা কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব ও দক্ষতার মাধ্যমে প্রতিটি স্তরে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। বিশেষ করে শিল্পাঞ্চলে নারী শ্রমিকদের সঙ্গে যোগাযোগ, শ্রম অসন্তোষ নিরসন এবং আস্থা তৈরিতে নারী পুলিশ সদস্যদের ভূমিকা অত্যন্ত কার্যকর।
শিল্প পুলিশ ইউনিট-৩, চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগমের মতে, নারী কর্মকর্তাদের পেশাগত সাফল্য নতুন প্রজন্মের নারীদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি বলেন, ধর্ষণ, পারিবারিক সহিংসতা বা নারী-শিশু নির্যাতনের শিকার ভুক্তভোগীরা নারী কর্মকর্তাদের কাছে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। এতে তদন্ত কার্যক্রম আরও কার্যকর ও মানবিক হয়।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক পুলিশিং কেবল শক্তি প্রয়োগের বিষয় নয়; বরং সহমর্মিতা, মনস্তাত্ত্বিক দক্ষতা, যোগাযোগ ক্ষমতা এবং প্রযুক্তিনির্ভর তদন্তও সমান গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রেই নারী পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
বর্তমানে নারী সদস্যরা মহানগর পুলিশ, জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, পুলিশ সদর দপ্তর এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সর্বনারী ফর্মড পুলিশ ইউনিট মোতায়েনের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা অর্জন করেছে।
তবে অগ্রগতির পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে। নেতৃত্বের উচ্চ পর্যায়ে নারীর অংশগ্রহণ এখনও তুলনামূলক কম। গোয়েন্দা কার্যক্রম, সন্ত্রাসবিরোধী অভিযান, সাইবার তদন্ত এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে নারীদের আরও বেশি সম্পৃক্ত করার দাবি উঠছে।
বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) ২০২৪-২০২৭ মেয়াদের কৌশলগত পরিকল্পনায় পাঁচটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে। এগুলো হলো—নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি, নেতৃত্বের সুযোগ সম্প্রসারণ, পেশাগত দক্ষতা উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং জেন্ডার-সংবেদনশীল পুলিশিং জোরদার করা।
সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালায় নারী নেতৃত্ব বিকাশ, সাইবার অপরাধ তদন্ত, মানসিক সুস্থতা, কর্মস্থলের নিরাপত্তা, যৌন হয়রানি প্রতিরোধ এবং ভুক্তভোগীকেন্দ্রিক তদন্ত পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউএন উইমেন ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিরাও এ বিষয়ে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
একজন নারী উপপরিদর্শক বলেন, সময়ের সঙ্গে দায়িত্ব বেড়েছে, কিন্তু অপারেশনাল নেতৃত্বের সুযোগও একইভাবে বাড়ানো প্রয়োজন। নারী কর্মকর্তারা ইতোমধ্যে বহু জটিল অভিযানে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে সক্ষমতার প্রমাণ দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে নারীদের অংশগ্রহণ শুধু সমতার প্রশ্ন নয়; এটি সেবার মান উন্নয়ন এবং জনআস্থা বৃদ্ধিরও একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষ করে নারী ও শিশু-সংক্রান্ত অপরাধ তদন্তে নারী কর্মকর্তাদের উপস্থিতি ভুক্তভোগীদের মধ্যে আস্থা সৃষ্টি করে এবং বিচারপ্রক্রিয়াকে আরও কার্যকর করে।
বর্তমানে বাহিনীতে নারী সদস্যের সংখ্যা মোট জনবলের মাত্র ৯ শতাংশের কিছু বেশি। উন্নত বিশ্বের অনেক দেশে এই হার ২০ থেকে ৩০ শতাংশেরও বেশি। তাই বাংলাদেশেও নিয়োগে নারীদের অংশগ্রহণ বাড়ানো, নেতৃত্বের পর্যায়ে পদোন্নতির সুযোগ সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ এবং বিশেষায়িত দায়িত্বে আরও বেশি সম্পৃক্ততা নিশ্চিত করা সময়ের দাবি।
বাংলাদেশ পুলিশের ইতিহাসে নারীদের অগ্রযাত্রা এখন আর কেবল অংশগ্রহণের গল্প নয়; এটি নেতৃত্ব, দক্ষতা ও পেশাদারিত্বের এক অনুপ্রেরণাদায়ক অধ্যায়। কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি পর্যন্ত পৌঁছানোর এই যাত্রা প্রমাণ করে, সুযোগ ও সঠিক নীতিগত সহায়তা পেলে নারী সদস্যরা বাহিনীর প্রতিটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করতে সক্ষম।
নারী পুলিশ, বাংলাদেশ পুলিশ, নেতৃত্ব