রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক একটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) সদৃশ বস্তু উদ্ধার করে সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের নজরে একটি পরিত্যক্ত ছাতা আসে। সন্দেহ হওয়ায় সেটি পরীক্ষা করে ভেতরে আইইডি সদৃশ একটি বস্তু দেখতে পান তারা।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিকভাবে পুরো এলাকা নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয় এবং সাধারণ মানুষের চলাচলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে ডিএমপির বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়।
খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করে পেশাদারিত্বের সঙ্গে সন্দেহজনক বস্তুটি সফলভাবে নিষ্ক্রিয় করেন।
ডিএমপি জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তুটির প্রকৃত পরিচয়, উৎস এবং কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা উদ্ঘাটনে সংশ্লিষ্ট ইউনিট তদন্ত কার্যক্রম শুরু করেছে।
ঘটনার পর এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে এবং মেট্রোরেল চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।
মতিঝিল, আইইডি, ডিএমপি