রবিবার, জুলাই ১৯, ২০২৬

মহেশখালীতে বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে আলজেরিয়ার রাষ্ট্রদূত,ত্রাণ বিতরণ

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-০৭-১৮ ২০:২১:২৬

মহেশখালী (কক্সবাজার):
টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব সাইদানি। সফরকালে তিনি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
শনিবার মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ তুলে দেন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহেশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, স্বেচ্ছাসেবক এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব সাইদানি মূলত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশে এ কর্মসূচিতে যুক্ত ছিলেন। এ সময় মহেশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের অনুরোধে তিনি মহেশখালীতেও আসেন এবং সাম্প্রতিক টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।
ত্রাণ বিতরণকালে রাষ্ট্রদূত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ সম্পর্কে অবগত হন। তিনি দুর্যোগকবলিত মানুষের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। আন্তর্জাতিক সহযোগিতা ও পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক ভারী বর্ষণে মাতারবাড়িসহ মহেশখালীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি, কৃষিজমি প্লাবিত হওয়া এবং জীবিকা সংকটের মতো নানা সমস্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিদেশি রাষ্ট্রদূতের সরাসরি উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার করেছে।
এদিকে, সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি ত্রাণ কার্যক্রমের পাশাপাশি আন্তর্জাতিক বন্ধুপ্রতিম দেশগুলোর এমন মানবিক উদ্যোগ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং প্রয়োজনীয় অবকাঠামো সংস্কারে সরকারের কার্যকর পদক্ষেপও প্রত্যাশা।


এ জাতীয় আরো খবর