পাইকগাছা(খুলনা):
পাইকগাছার হরিঢালী ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন সৃষ্ট পদে কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে চাকুরি দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে। এসব চাকুরি প্রার্থীদের মধ্যে পরিচ্ছন্নতাকর্মী পদে একজন প্রিয়াংকা মল্লিকের অভিযোগ, তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা নিয়ে নিয়োগ দিতে না পেরে নানা তালবাহানা করছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর মন্ডল।
যদিও অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর মন্ডলের দাবি, তিনি এসব টাকা সাবেক এক এমপি সহ বিভিন্ন জনের মধ্যে বন্টন করেছেন। পরে নানা জটিলতায় নিয়োগ কার্যক্রম বন্ধ ও সরকারের পট পরিবর্তনে সেসব টাকা আদায় করতে পারছেননা। যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা।
জানাগেছে, পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জনবল কাঠামো ও এমপিও নিতিমালা/২০২১ অনুসারে সৃষ্টপদে যথাক্রমে নৈশপ্রহরী,পরিচ্ছন্নতাকর্মী,অফিস সহায়ক প্রতিটি পদে একজন করে এবং নিরাপত্তা কর্মী পদে একজন সহ মোট ৪ জন কর্মচারী পদে লোক নিয়োগের জন্য গত ১২/১০/২০২৩ তারিখে খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় পূনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয় বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ৫ শত টাকার পোস্টাল অর্ডারসহ প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরাবর আবেদন করতে হবে। পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই বলেও ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়। তবে এটি কততম বিজ্ঞপ্তি তা উল্লেখ করা হয়নি।
পরিচ্ছন্নতাকর্মী পদে চাকুরী প্রত্যাশীদের সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের প্রিয়াংকা মল্লিক এর স্বামী তীর্থ মন্ডলের অভিযোগ,বিজ্ঞপ্তি দেখে তিনি এ পদে নিজ স্ত্রীকে চাকুরির জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু মেখর মন্ডলের সাথে যোগাযোগ করেন। এরপর তার পরামর্শে আবেদনপূর্বক পরবর্তীতে ২ কিস্তিতে ১১ লক্ষ টাকা নিয়ে নিয়োগ না দিযে সমুদয় টাকা তিনি নিজেই আত্নসাৎ করেছেন। এরপর নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় সেসব টাকা ফেরৎ চাইলে তিনি নানা অযুহাতে বিভিন্ন রকম টালবাহানা করে যাচ্ছেন।
তীর্থ মন্ডলের দাবি, তিনি জমি বিক্রিসহ বিভিন্ন জনের কাছ থেকে সুদে টাকা ঋণ নিয়ে সুধাংশুকে এসব টাকা দিয়ে চাকুরিও পাননি উপরন্তু সুদের টাকা পরিশোধ করতে রীতিমত হিমশিম খাচ্ছেন। প্রতারিত হয়ে বর্তমানে ঋণের দায়ে তার আত্নহত্যার উপক্রম হয়েছে। এসব টাকা ফিরে পেতে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্প্রতি এ ব্যাপারে হরিঢালী উনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর মন্ডলের নিকট জানতে চাইলে তিনি পরিচ্ছন্নতা কর্মী পদে প্রিয়াংকার স্বামী তীর্থ মন্ডলের নিকট থেকে বিভিন্ন মেয়াদে ৯ লক্ষ ৫ হাজার টাকা গ্রহনের কথা স্বীকার করলেও সেসব টাকাসহ অন্যান্য পদের জন্য প্রায় ১৬ লক্ষ টাকা তিনি সাবেক এক এমপি ও ৪ লক্ষ টাকা এমপির এক নিকটাত্নীয়কে দিয়েছেন বলে দাবি করেন। এমনকি ঐ এমপি বর্তমানে কারান্তরীন থাকায় তিনি তাকে প্রদেয় টাকা আদায়ে আইনী পদক্ষেপ নিতে না পারলেও নিকটাত্নীয়কে দেওয়া ৪ টাকা আদায়ে উকিল নোটিশ করেছেন বলে দাবি করেন।
এছাড়া সূধাংশু শেখর মন্ডল আরও দাবি করেন যে, গত ৫ আগস্ট ২৪’ ঐ বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও জুলাই আন্দোলনে গণঅভ্যুত্থানে আর পরীক্ষা গ্রহন সম্ভব হয়নি। যদিও তিন তার স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে ব্যার্থ হন।
সূত্র জানায়, বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়োগ পরীক্ষা গ্রহনের জন্য ৬ মাসের মেয়াদ থাকলেও সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২৩ সালের ১২ অক্টোবর। এরপর পরবর্তীতে আর কোন বিজ্ঞপ্তি না দিয়ে প্রায় ৮ মাস পর তিনি কিভাবে পরীক্ষার আয়োজন করেন? এমন প্রশ্নেরও তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
এব্যাপারে গত ১৪ জুলাই পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকশানা পারভীন (ভারপ্রাপ্ত) এর নিকট জানতে চাইলে তিনি বলেন, হরিঢালী ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তির কথা তিনি শুনেছেন, তবে বিস্তারিত জানেননা। বিস্তারিত জানতে তিনি ঐ প্রতিষ্ঠানে যোগাযোগের পরামর্শ দেন।
সর্বশেষ বিষয়টি তদন্তপূর্বক প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য যথাযত কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী পরিবার।