খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধাবনত পরিবেশে ‘জুলাই শহিদ দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১:৩০ ঘটিকায় কুয়েট স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বৃক্ষ কমিটির তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং সবুজ, পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, কুয়েট স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন| তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ কর্মসূচিকে আরও অর্থবহ করে তোলে। পরে বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই বিপ্লবে শাহাদাতবরণকারী সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন| ‘জুলাই শহিদ দিবস’-এর কর্মসূচির মাধ্যমে কুয়েট পরিবার গভীর শ্রদ্ধার সঙ্গে শহিদদের আত্মত্যাগ স্মরণ করে এবং তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবিক, দায়িত্বশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।