সোমবার, জুলাই ১৩, ২০২৬

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন

  • শাহেদুজ্জামান শেখ
  • ২০২৬-০৭-১২ ২১:১৫:১৫

পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, সবুজ ক্যাম্পাস গঠন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ জুলাই ২০২৬) সকাল ১০:০০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ‘দুর্বার বাংলা’ ভাস্কর্যের উত্তর পার্শ্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ। বৃক্ষ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, বায়ুদূষণ হ্রাস করে, জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করে। এ লক্ষ্যেই কুয়েট প্রতি বছরের ন্যায় এবারও ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ পালন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’-এর এ উদ্যোগ কুয়েট ক্যাম্পাসকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এ কর্মসূচি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের মধ্যে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা পালনে উৎসাহিত করবে।

 


এ জাতীয় আরো খবর