সোমবার, জুলাই ৬, ২০২৬

সরকারি অনুষ্ঠানের প্রচারণায় প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ,নতুন নির্দেশনা জারি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৭-০৫ ২৩:৩৫:১৩

সরকারি অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে আর প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। এ ধরনের প্রচারণা সামগ্রীতে ব্যক্তিকেন্দ্রিক উপস্থাপনার পরিবর্তে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ও বার্তাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে জানিয়েছে, সরকারি কোনো কর্মসূচির জন্য প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি-ত্রিমাত্রিক বা অন্য যেকোনো রূপে-ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারণা সামগ্রী তৈরির সময় অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও মূল বার্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে কর্মসূচির লক্ষ্য, প্রাসঙ্গিক তথ্য এবং বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে। অপ্রয়োজনীয় ব্যক্তিকেন্দ্রিক উপস্থাপনা পরিহার করে তথ্যভিত্তিক ও সামঞ্জস্যপূর্ণ নকশা ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।
এ নির্দেশনার পেছনের কারণ সম্পর্কে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, রোববার সকালে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মন্ত্রণালয়ের কর্মসূচি উপলক্ষে সড়কের পাশে টানানো ব্যানার ও ফেস্টুনে নিজের ছবি দেখতে পান।
পরে সচিবালয়ে পৌঁছে তিনি মন্ত্রিপরিষদ সচিবকে বিষয়টি অবহিত করেন এবং সরকারি অনুষ্ঠানের প্রচারণা সামগ্রী থেকে প্রধানমন্ত্রীর ছবি সম্পূর্ণভাবে বাদ দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই মন্ত্রিপরিষদ বিভাগ আনুষ্ঠানিক পরিপত্র জারি করেছে।
নতুন এ সিদ্ধান্তের ফলে এখন থেকে সরকারি অনুষ্ঠানসংক্রান্ত সব ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ব্যক্তির ছবি নয়, বরং কর্মসূচির উদ্দেশ্য, বিষয়বস্তু এবং জনস্বার্থসংশ্লিষ্ট বার্তাই প্রধানভাবে উপস্থাপিত হবে।

প্রধানমন্ত্রীর ছবি, সরকারি অনুষ্ঠান, পরিপত্র

 


এ জাতীয় আরো খবর