সোমবার, জুলাই ৬, ২০২৬

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর শোক বিবৃতি

  • মঞ্জুর মোর্শেদ মিল্টন
  • ২০২৬-০৭-০৫ ২৩:৩০:১৯
ফাইল ছবি

দেশের বরেণ্য মননশীল প্রাবন্ধিক, গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আজ বিকেলে রাজধানীর মিরপুরে ৮৫ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। 
উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এক যৌথ বিবৃতিতে বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন এ দেশের প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তাধারার অন্যতম প্রধান বাতিঘর। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত থাকা থেকে শুরু করে ১৯৬০-এর দশকের প্রগতিশীল আন্দোলন ও উনসত্তরের গণ-অভ্যুত্থানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালেও তিনি অবরুদ্ধ ঢাকায় অবস্থান করে মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও অর্থ সংগ্রহ করে অনন্য অবদান রাখেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আন্দোলন এবং এ দেশের প্রগতিশীল সাংস্কৃতিক ধারাকে বেগবান করতে তাঁর ক্ষুরধার লেখনী ও চিন্তাদর্শন আমাদের সবসময় পথ দেখিয়েছে। ‘মুক্তিসংগ্রাম’, ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’ কিংবা ‘সংস্কৃতির সহজ কথা’র মতো মৌলিক গ্রন্থের মাধ্যমে তিনি সমাজ ও রাজনীতির যে বিশ্লেষণ রেখে গেছেন, তা চিরকাল তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর এই প্রয়াণ দেশের বুদ্ধিবৃত্তিক সমাজ ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে আমরা প্রয়াত এই মনীষীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
 


এ জাতীয় আরো খবর