মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

পাচার হওয়া অর্থ ফেরাতে অঙ্গীকার,বাজেটে জনবান্ধব সংশোধনীর ঘোষণা প্রধানমন্ত্রীর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-২৯ ২০:৫৯:৫৮
ছবি: সংগৃহীত।

দেশের অর্থনীতিকে দুর্নীতি ও অরাজকতার প্রভাবমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশে পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সাধারণ মানুষের করের চাপ কমানো, বিতর্কিত কর-সুবিধা বাতিল এবং শিক্ষা ও শিল্প খাতকে উৎসাহ দিতে বাজেটে একাধিক সংশোধনী প্রস্তাব তুলে ধরেছেন তিনি।
রোববার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব প্রস্তাব উপস্থাপন করেন।
তিনি বলেন, ব্যক্তি করদাতাদের স্বস্তি দিতে করমুক্ত আয়ের সীমা আরও বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৫ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব দেন তিনি।
প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কালো টাকা বৈধ করার বিধান প্রত্যাহারেরও আহ্বান জানান।
উচ্চশিক্ষা খাতকে আরও গতিশীল করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেন তিনি। তবে এর পাশাপাশি গবেষণা কার্যক্রম জোরদার, ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ বাড়ানোর আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর এসব প্রস্তাবে সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে পার্বত্য তিন জেলা ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ব্যক্তিদের ব্যবসা, কৃষি ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের আয়ের পাশাপাশি চাকরি থেকে প্রাপ্ত আয়ও করমুক্ত করার প্রস্তাব দেন তিনি।
দেশীয় শিল্প ও রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে একাধিক শুল্ক ছাড়ের প্রস্তাবও তুলে ধরেন প্রধানমন্ত্রী। চিংড়ি শিল্পের জন্য প্রয়োজনীয় খাদ্য, প্রোবায়োটিক, ভিটামিন, খনিজ ও অন্যান্য উপকরণ আমদানিতে সব ধরনের আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক এবং মূল্য সংযোজন কর প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
একই সঙ্গে স্থানীয় শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা সম্প্রসারণ, ওষুধ ও উৎপাদন শিল্পে ব্যবহৃত আমদানি করা মধুর ওপর সম্পূরক শুল্ক বাতিল এবং পিভিসি ও পিইটি রেজিনের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেন।
তিনি আরও বলেন, ফায়ার ডোর তৈরির কাঁচামাল, ফ্ল্যাট স্টিল পণ্য এবং বৈদ্যুতিক তার উৎপাদনে ব্যবহৃত রিফাইন্ড কপারের ওপর আরোপিত নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা প্রয়োজন। পাশাপাশি কাজুবাদাম প্রক্রিয়াজাত শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা অপরিশোধিত কাজুবাদামের শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করারও সুপারিশ করেন।
স্থানীয়ভাবে এলইডি বাতি ও প্রিফ্যাব্রিকেটেড ভবন উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানির বিদ্যমান শুল্ক-সুবিধার মেয়াদ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ডিজিটাল বিজ্ঞাপনে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর থাকায় অনেক প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে অর্থ পরিশোধ করছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যম, ওটিটি প্ল্যাটফর্ম, সার্চ ইঞ্জিন ও অনলাইনভিত্তিক বিজ্ঞাপনের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেন তিনি।
এ ছাড়া স্বর্ণ, হীরা ও রুপার অলংকারের ভ্যাট কাঠামো পুনর্নির্ধারণ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের রাজস্ব ভাগাভাগি চুক্তির ওপর ভ্যাট অব্যাহতি, মাছ সরবরাহের জোগানদার পর্যায়ের ভ্যাট প্রত্যাহার এবং স্থানীয়ভাবে উৎপাদিত ডাবল কেবিন পিকআপ ও মাইক্রোবাসের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার সুপারিশ করেন।
প্রধানমন্ত্রী জানান, দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ রাখা হয়েছে। তার ভাষায়, এই উদ্যোগ তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়াবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভ্যাট ব্যবস্থাকে আরও সহজ ও ব্যবসাবান্ধব করতে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে কো-ইফিশিয়েন্ট দাখিলের বাধ্যবাধকতা শিথিল করারও অনুরোধ জানান তিনি।
আলোচনার একপর্যায়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাইকেলের ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব উত্থাপন করলে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে যৌক্তিক হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থমন্ত্রীকে অনুরোধ জানানো হবে।
এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। বাজেট আলোচনায় প্রথমে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরে সংসদ নেতা হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাজেট, করমুক্ত আয়, স্টার্টআপ


এ জাতীয় আরো খবর