রবিবার, জুলাই ৫, ২০২৬

কুতুবজোমের ঘটিভাঙ্গায় কলেজছাত্রীর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পরিবারের পাশে এমপি ফরিদ,নিরপেক্ষ তদন্ত দাবী

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-০৭-০৪ ২৩:২৫:০৮

মহেশখালী (কক্সবাজার)
মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাংগা এলাকায় এক কলেজছাত্রীকে ঘিরে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য, উদ্বেগ ও নানা ধরনের আলোচনা। 
ঘটনার প্রকৃত সত্য উদঘাটন, ভুক্তভোগী পরিবারের খোঁজখবর নেওয়া এবং স্থানীয়দের বক্তব্য শোনার উদ্দেশ্যে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
শনিবার বিকেলে তিনি সরেজমিনে ঘটিভাংগা এলাকায় কলেজছাত্রীর বাড়িতে যান। এসময় পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন এবং ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। ছাত্রীর মা কান্নাজড়িত কণ্ঠে পুরো ঘটনার বিবরণ তুলে ধরে ন্যায়বিচারের দাবি জানান।
পরিবারের দাবি, ঘটনার পর থেকে তারা চরম মানসিক অস্থিরতা ও সামাজিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য তাদের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পরিবারটি আশঙ্কা প্রকাশ করে জানায়, প্রকৃত তথ্য উদঘাটনের আগেই নানা অপপ্রচার তাদের সামাজিকভাবে হেয় করার পরিবেশ সৃষ্টি করছে।
এলাকাজুড়ে নানা আলোচনা, উদ্বেগ স্থানীয়দের-সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার পর থেকেই পুরো কুতুবজোম এলাকায় নানা ধরনের আলোচনা শুরু হয়। কেউ এটিকে পরিকল্পিত অপহরণ হিসেবে দেখছেন, আবার কেউ ব্যক্তিগত সম্পর্কের জটিলতার দিকেও ইঙ্গিত করছেন। তবে অধিকাংশ সচেতন ব্যক্তি মনে করছেন, তদন্ত শেষ হওয়ার আগে কোনো ধরনের মন্তব্য বা সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। এতে একদিকে পরিবারটি মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে, অন্যদিকে এলাকায় বিভ্রান্তি ও উত্তেজনার পরিবেশও তৈরি হচ্ছে।
“সত্য উদঘাটন হোক নিরপেক্ষ তদন্তের মাধ্যমে”
পরিদর্শনকালে সংসদ সদস্য ফরিদ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান। তিনি বলেন, “একটি সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কাম্য নয়। প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ, একটি পরিবারের সম্মান এবং পুরো এলাকার সামাজিক স্থিতিশীলতা এ ঘটনার সঙ্গে জড়িত। তাই তদন্তের আগে কাউকে দোষী বা নির্দোষ হিসেবে আখ্যা দেওয়া উচিত হবে না।”
এসময় তিনি স্থানীয়দের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত যাচাই করে তদন্ত এগিয়ে নেওয়ার অনুরোধ করেন।
পরিবারের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষার দাবি ঘটনার পর পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বিভিন্ন মহল থেকে তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। এ অবস্থায় সচেতন মহল পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
স্থানীয় সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা বলেন, সংবেদনশীল এ ধরনের ঘটনায় দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা জনসম্মুখে যাচাইবিহীন তথ্য প্রচার করলে একটি পরিবার দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়তে পারে।
প্রশাসনের নজরদারি বৃদ্ধি-
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখছে বলেও জানা গেছে।
তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে তথ্য সংগ্রহ ও বিভিন্ন পক্ষের বক্তব্য নেওয়ার কাজ চলমান রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সচেতন মহলের অভিমত-
সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে কোনো ঘটনা ঘটলেই যাচাই ছাড়া তথ্য ছড়িয়ে পড়ে। এতে প্রকৃত তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ভুক্তভোগী পরিবারও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেন তারা।
তাদের মতে, একটি সংবেদনশীল ঘটনায় রাজনৈতিক, সামাজিক কিংবা ব্যক্তিগত স্বার্থে বিভ্রান্তি সৃষ্টি না করে প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া উচিত। একই সঙ্গে মানবিক দৃষ্টিকোণ থেকেও পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
ঘটনাটি বর্তমানে মহেশখালীসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখন তদন্তের অগ্রগতি ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় জনগণ।


এ জাতীয় আরো খবর