জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্যকে কেন্দ্র করে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ (জিডি) দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা জুলাই আন্দোলনকে কটাক্ষ, অবমাননা এবং বিভ্রান্তিকর প্রচারণা চালিয়েছেন।
শনিবার (৪ জুলাই) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। যেহেতু অভিযোগের বিষয়বস্তু সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক, তাই এটি যাচাই-বাছাইয়ের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। সেখানে অভিযুক্তদের পোস্ট, ভিডিও, মন্তব্য ও সংশ্লিষ্ট লিংক বিশ্লেষণ করা হবে। অভিযোগের সত্যতা মিললে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগটি করেছেন ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা। তাদের দাবি, অভিযুক্তদের বিভিন্ন পোস্ট ও বক্তব্য জুলাই আন্দোলনকে অবমাননা করেছে এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জুলাই আন্দোলন নিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কিছু বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকেও প্রতিক্রিয়া এসেছে।