রবিবার, জুলাই ৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র ১২ জনকে পুশইনের চেষ্টা,সীমান্তবাসীকে সাথে নিয়ে প্রতিহত বিজিবির

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-০৪ ২৩:১২:৫৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চকপাড়া সীমান্ত দিয়ে  ১২ জনকে  পুশইনের একটি চেষ্টা সীমান্তবাসীদের সাথে নিয়ে প্রতিহত করেছে বিজিবি। বিবিজি জানায়, গত শুক্রবার(৩জুলাই) রাত ১১টার দিকে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের মল্লিক সুলতানপুর বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৩/৩ এস হতে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া নামক স্থান দিয়ে পুশইন চেষ্টা করা হয়। এ সময় ওই এলাকায় বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ এবং কিছু লোক সমাগমের খবরে বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে প্রতিরোধ মূলক অবস্থান নেয়। সীমান্তের শূণ্যরেখা হতে  ৬০০ গজ ভারতের ভেতরে  ওই স্থানে ১২জনের অবস্থানের খবর বিজিবি নিজস্ব সূত্রে জানতে পারে। এ  অব্স্থায় সীমান্তবাসীদের নিয়ে সীমান্তে সতর্ক অবস্থান নেয় বিজিবি।  শনিবার (৪জুলাই) সকালে বিজিবি নিজস্ব সূত্রে জানতে পারে,  শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নিজস্ব যানবাহনযোগে বিএসএএফ ওই ১২ জনকে মালদাহ হোল্ডিং সেন্টারে নিয়ে গেছে।
দায়িত্বশীল চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটরিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি সীমান্তবাসীদের সাথে  নিয়ে ওই সীমান্তে সতর্ক রয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশের  যে কোন চেষ্টা সর্বাত্মকভাবে প্রতিহত করা হবে।
সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান নিজামুল হক বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সীমান্তে পুশইন চেষ্টার খবর পাই। এরপর সংশ্লিস্ট সকলকে অবগত করে  সতর্ক অবস্থায় বাড়ির বাইরে অবস্থানের জন্য বলা হয়।
সংশ্লিস্ট ইউপি সদস্য ইসমাইল হোসেন শামীম বলেন, চকপাড়া বিওপির  পাশে নামোচকপাড়া গ্রামের প্রান্তে পাগলা নদীর নিকট কাঁটাতারের বেড়াযুক্ত সীমান্তে রাত সাড়ে ১০টা থেকে দফায় দফায় পুশইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে গ্রামবাসী লাঠিসোঠা সহ সীমান্তে জড়ো হয়ে বিজিবিকে ভোর ৫টা পর্যন্ত সীমান্ত পাহারায় সাহায্য করে। সারারাত বিএসএফ সীমান্তে লাইট জ¦ালানো-নেভানো করে। ভারতের মিলিক (মল্লিক) সুলতানপুর গ্রামে পুশইনের জন্য বিএসএফ পিকআপ জাতীয় অন্তত: ৪টি গাড়িতে ১২ জনের বেশি লোককে পুশইনের জন্য নিয়ে এসেছিল বলেও জানান এই জনপ্রতিনিধি।
উল্লেখ্য, এ নিয়ে গত  ৪ সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে  ৫ দফায় ৭৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। 

 


এ জাতীয় আরো খবর