খুলনা থেকে প্রকাশিত দৈনিক 'আজকের কণ্ঠস্বর' পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পত্রিকার ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি খান মহিদুল ইসলামকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দৈনিক 'আজকের কণ্ঠস্বর'-এর সম্পাদক তহমিনা আক্তার শিপন সাংবাদিক খান মহিদুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দৈনিক 'আজকের কণ্ঠস্বর' বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের পাঠকের আস্থা অর্জন করেছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষের সমস্যা,সম্ভাবনা ও অধিকারভিত্তিক সংবাদ প্রকাশে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বক্তারা আরও বলেন, ডুমুরিয়া উপজেলায় বস্তুনিষ্ঠ, সাহসী ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিক খান মহিদুল ইসলাম যে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন, তার স্বীকৃতিস্বরূপ এবার তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় খান মহিদুল ইসলাম বলেন, এই স্বীকৃতি তার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও সত্য, নিরপেক্ষ ও জনকল্যাণমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখতে এবং দৈনিক 'আজকের কণ্ঠস্বর'-এর অগ্রযাত্রায় অবদান রাখতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পত্রিকার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, কর্মকর্তা, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা দৈনিক 'আজকের কণ্ঠস্বর'-এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।