স্টাফ রিপোর্টার
কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে শিক্ষার গুণগত মান উন্নয়ন, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা এবং শৃঙ্খলাপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এরশাদুল হকের নেতৃত্বে এসব কার্যক্রম বাস্তবায়নে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সমন্বিতভাবে কাজ করছেন বলে কলেজ-সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কলেজ সূত্রে জানা যায়, নিয়মিত পাঠদান নিশ্চিত করা, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, শিক্ষার্থীদের উপস্থিতি ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ উৎসাহিত করা এবং ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করতে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রয়েছে।
অধ্যক্ষ প্রফেসর মো. এরশাদুল হক বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; বরং নৈতিক মূল্যবোধ, মানবিকতা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে কলেজ পরিবারের সবাই সম্মিলিতভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা, নিয়মিত একাডেমিক কার্যক্রম, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
কলেজ-সংশ্লিষ্টদের মতে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ চলমান রয়েছে।
উল্লেখ্য, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ দীর্ঘদিন ধরে জেলায় নারী শিক্ষার প্রসার ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ভূমিকা রেখে আসছে। প্রতিবছর বিভিন্ন পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং একাডেমিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে।