শুক্রবার, জুলাই ৩, ২০২৬

যৌক্তিক স্থানে উপজেলা সদরের দাবিতে ফটিকছড়িতে মহাসড়ক অবরোধ

  • হাসান মেহেদী :
  • ২০২৬-০৭-০২ ১৯:০১:০০
নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা সদর যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নবগঠিত উপজেলার উত্তর অঞ্চলের জনগণ। তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় দুই পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার হেয়াকো এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের ব্যানারে সাধারণ জনগণ এ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তারা নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ভৌগোলিক, যোগাযোগ ও জনসেবার দিক বিবেচনায় একটি যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবি জানান। বিক্ষোভকারীরা মানববন্ধন শেষে মিছিল নিয়ে ফেনী-খাগড়াছড়ি মহাসড়কের হেয়াকো এলাকায় অবস্থান নেন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ অবরোধের কারণে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শতশত যাত্রী দুর্ভোগে পড়েন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও বাস্তব পরিস্থিতি যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। তারা দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবি পুনর্ব্যক্ত করেন। এসময় বক্তারা বলেন, সেনা সমর্থিত সরকারের সময়ে ফটিকছড়ির দক্ষিণের নেতারা ষড়যন্ত্র করে অযৌক্তিক স্থানে ভূজপুরে থানা স্থাপন করে। বর্তমানে তারা ভূজপুরে নতুন অনুমোদন পাওয়া ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর স্থাপনের জন্য উঠে পড়ে লেগেছে। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি উপেক্ষিত করে ভুজপুরে সদর দপ্তর স্থাপন করতে আমরা তা দিবে না। তারা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ জাতীয় আরো খবর