মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার একদিন পর রায়হান খান নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, শুক্রবার মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রিকশার জন্য অপেক্ষা করছিলেন রায়হান খান। এ সময় দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে গিয়ে পাশের একটি দেয়ালে আঘাতপ্রাপ্ত হন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
নিহত রায়হান খান মির্জাপুর পৌর এলাকার পাহাড়পুর গ্রামের মাজাহারুল ইসলাম খানের ছেলে।
মির্জাপুর পৌর বিএনপির সাবেক সহসভাপতি পাহাড়পুর গ্রামের বাসিন্দা খন্দকার মোবারক হোসেন ঘটনার সত্যতা শিকার করে বলেন সিএনজি পালিয়ে গেছে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রায়হানের অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম নেমে এসেছে। একই সঙ্গে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয়রা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।