বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

যানবাহনের গতি নিয়ন্ত্রণ নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণে বিশেষজ্ঞদের অভিমত

  • আমিনুল ইসলাম সুজন
  • ২০২৬-০৬-২৫ ২১:০০:২২

অতিরিক্ত গতিতে গাড়ি চালানো,নিরাপদ সড়ক ডিজাইন ও নিরাপদ ক্রসিংয়ের অনুপস্থিতি, যত্রতত্র সড়ক পারাপার ও যাত্রী উঠানামা, গতিসীমা ও ট্রাফিক আইন সম্পর্কে অসচেতনতাসহ আইন অমান্য করা – ইত্যাদি বিভিন্ন কারণে ঢাকার সড়ক নিরাপদ নয়। এজন্য নিরাপদ ডিজাইন, নিরাপদ ক্রসিং, গতিসীমা ও ট্রাফিক আইন সম্পর্কে প্রচারণা, ট্রাফিক আইন বাস্তবায়নে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) এর উদ্যোগে ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণে বক্তারা এ কথা বলেন।
‘ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি’ (বিআইজিআরএস) এর আওতায় আজ, ২৫ ‍জুন সকালে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন ডিএনসিসি’র প্রধান প্রকৌশলী ব্রিগেঃ জেনাঃ সৈয়দ রাকিবুল হাসান, পি.এস.সি। তিনি বলেন, ডিএনসিসি’র আওতাধীন সড়কসমূহ নিরাপদ করার কাজ চলমান রয়েছে। ডিএমপি’র সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রোড ক্র্যাশের স্থানের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ সড়ক চিহ্নিত করে নতুন ডিজাইনের মাধ্যমে নিরাপদ করা হচ্ছে। নিরাপদ সড়ক ডিজাইন সম্পর্কে ডিএনসিসি’র প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদদের এবং সমাধাননির্ভর প্রতিবেদনের জন্য সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। চালক ও সড়ক ব্যবহারকারীদের গতিসীমা সম্পর্কে সচেতন করতে মাসমিডিয়া ক্যাম্পেইন আয়োজন করা হচ্ছে। তিনি বিআইজিআরএস-এর এ উদ্যোগের পরিধি আরো বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইজিআরএস কোঅর্ডিনেটর ও অতিরিক্ত সচিব (অব.) মো. আবদুল ওয়াদুদ। তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো: নিরাপদ ডিজাইন, গতিসীমা নিয়ন্ত্রণ, নিরাপদ সড়ক পারাপার, মানুষকে গতিসীমা ও ট্রাফিক আইন সম্পর্কে জানানো, বিদ্যমান ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক নিরাপত্তার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন। এ সময় জিআরএসপি’র সিনিয়র রোড পুলিশিং উপদেষ্টা পিটার জোনস্, ডিএনসিসি’র নির্বাহী প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল) নাঈম রায়হান খান উপস্থিত ছিলেন।
এতে প্রধান প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ পরিচালনা করেন জিআরএসপি’র প্রশিক্ষক পিটার জোনস্। তিনি পুলিশ কর্মকর্তাদের রোড ক্র্যাশ প্রতিরোধে যানবাহনের উচ্চ গতি নিয়ন্ত্রণের গুরুত্ব ও এ সংক্রান্ত প্রযুক্তির ব্যবহার, সড়কে চেকপয়েন্টগুলির নিরাপদ ব্যবস্থাপনা, আইন প্রয়োগের ভূমিকা ইত্যাদির উপর আলোচনা করেন। এ সময় তারা গতির কারণে বিভিন্ন ঝুঁকি অডিওভিজ্যুয়াল চিত্র, গ্রাফ ও বিভিন্ন দেশের গবেষণার তথ্য তুলে ধরেন। এছাড়া, প্রশিক্ষণে গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা সম্পর্কে প্রচারণার জন্য ভাইটাল স্ট্রাটেজিস কর্তৃক নির্মিত ভিডিওচিত্র “রেবেকা’র স্বজন হারানোর গল্প ও গতিসীমা মেনে গাড়ি চালানোর গুরুত্ব” প্রদর্শন করা হয়।
ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট এর কনসালটেন্ট ফারজানা ইসলাম তমা নিরাপদ ডিজাইনের মাধ্যমে কিভাবে গতি নিয়ন্ত্রণ করা যায়, এক্ষেত্রে ডিএনসিসি ও ডিএমপি’র কর্মকর্তাদের ভূমিকা কিরূপ হতে পারে, সে সম্পর্কে আলোকপাত করেন।
বিকালে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করেন ডিএমপি’র যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-ঢাকা উত্তর) আ স ম শামসুর রহমান ভূঁঞা। ডিএমপি’র ট্রাফিক পুলিশ সদস্যদের দক্ষতাবৃদ্ধির জন্য প্রশিক্ষণ আয়োজন করায় তিনি জিআরএসপি ও বিআইজিআরএস-কে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি এ ধরণের প্রশিক্ষণ আরো বেশি ও বড় কলেবরে করার জন্য জিআরএসপি’র প্রতি অনুরোধ জানান।
সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন বিআইজিআরএস এর এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর মো. গোলাম হোসেন ও ট্রান্সপোর্ট কোর্ডিনেটর ইঞ্জি. রেজাউর রহমান। এ সময় ভাইটাল স্ট্রাটেজিস এর টেকনিক্যাল এডভাইজর আমিনুল ইসলাম সুজন ও সার্ভিলেন্স কোঅর্ডিনেটর ডা. তানভীর ইবনে আলী প্রমুখ।
প্রশিক্ষণে ডিএমপি’র বিভিন্ন ইউনিটের ট্রাফিক সার্জেন্ট, উপ-পরিদর্শক, পুলিশ পরিদর্শক, সহকারী/উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ৩০ জন ও ডিএনসিসি’র ৫জন প্রকৌশলী অংশগ্রহণ করেন।


এ জাতীয় আরো খবর