বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

বড় মহেশখালীতে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কঠোর অবস্থান

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-০৬-২৫ ১৯:০২:৩৭

মহেশখালী (কক্সবাজার) 
মহেশখালী উপজেলার বড় মহেশখালী  এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে অবৈধভাবে নির্মিত সড়ক বাঁধ উচ্ছেদ  অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 
প্রশাসনের নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে প্রধান সড়কসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ  সড়কের পানি  নিষ্কাশনের পথ উন্মুক্ত করা হয়। 
ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকেই বড় মহেশখালী এলাকার বিভিন্ন সড়কে পানি জমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়।বিশেষ করে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে অবৈধভাবে সড়ক বাঁধ নির্মাণ করায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়।
এতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি কৃষিজমি, বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান  পানিবন্দি হয়ে পড়ে। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
পরিস্থিতি  ক্রমশ  অবনতির দিকে গেলে উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। 
অভিযানে অবৈধভাবে নির্মিত সড়ক বাঁধ অপসারণের মাধ্যমে  পানি  চলাচলের  পথ পুনরায় সচল করা হয়। 
এতে বিভিন্ন এলাকায় জমে থাকা পানি দ্রুত নেমে যেতে  শুরু  করেছে   বলে   জানিয়েছেন    স্থানীয় বাসিন্দারা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বড় মহেশখালী এলাকায় যেসব স্থানে এখনো অবৈধ সড়ক বাঁধ রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। 
একই সঙ্গে  ভবিষ্যতে কেউ যেন জনদুর্ভোগ সৃষ্টি করে এ ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা করতে না পারে, সেজন্য কঠোর নজরদারি অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে  জড়িতদের  বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা  হবে   বলেও   প্রশাসনের   পক্ষ  থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে নজরদারি   বাড়াতে    সংশ্লিষ্ট    ইউনিয়ন  পরিষদকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্ব দেন। 
এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর   সদস্য, জনপ্রতিনিধি  ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে সময়ো পযোগী   উল্লেখ   করে   দ্রুত অবশিষ্ট অবৈধ বাঁধ অপসারণের দাবি জানান।তাদের মতে,পরিকল্পিত ড্রেনেজ  ব্যবস্থা  ও নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।


এ জাতীয় আরো খবর