বুধবার, জুন ২৪, ২০২৬

দেশজুড়ে ২২ জেলা জজের রদবদল,দ্রুত যোগদানের নির্দেশ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৬-২৩ ১১:৪৯:৩২
ছবি: সংগৃহীত।

বিচার বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২২ জন বিচারককে নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে জারি করা আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এই বদলি কার্যকর করা হয়েছে। বদলি হওয়া বিচারকদের আগামী ২৪ জুনের মধ্যে বর্তমান দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নতুন পদায়ন অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনার বিভাগীয় বিশেষ জজ মো. আসহারুল ইসলামকে নড়াইলের জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমানকে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ এবং নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক প্রিয়া তাসনিম মাহমুদকে নীলফামারীর জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল-২–এর সদস্য মোহাম্মদ আল মামুনকে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ এবং চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হককে পঞ্চগড়ের জেলা ও দায়রা জজ করা হয়েছে। নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক কাজী আবুবকর হান্নানকে দেওয়া হয়েছে চট্টগ্রামের জেলা ও দায়রা জজের দায়িত্ব।
অন্যদিকে রংপুরের জেলা ও দায়রা জজ ফজলে মোহাম্মদ নাঈমকে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক হিসেবে এবং নোয়াখালীর জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসাদ্দেক ইবনে আজিজকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে আইন ও বিচার বিভাগে সংযুক্ত থাকা কয়েকজন কর্মকর্তাকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বি. এম. তৌফিক কবীরকে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালত, মোহা. ইমদাদুল হককে রাজশাহী মহানগর দায়রা জজ, এস. এম. আমিনকে সিলেটের স্ট্যাট সার্চ আপিল ট্রাইব্যুনাল এবং মুহাম্মদ সাইফুল মতিন নোমানকে সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবেও কয়েকটি নতুন পদায়ন করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে মোহাম্মদ মাসউদুর রহমান, ময়মনসিংহে ছায়ানারা ফেরদৌস এবং চাঁদপুরে তাসলিম জোহরাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া মো. আদিব আলীকে খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালত এবং মো. গোলাম সারোয়ারকে বগুড়ার পারিবারিক আপিল আদালতের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বিচার প্রশাসনের বিভিন্ন স্তরে দক্ষতা বৃদ্ধি, মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করা এবং বিচারিক কার্যক্রমে গতি আনার লক্ষ্যে এই রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

বিচারক বদলি, জেলা জজ, বিচার বিভাগ

 


এ জাতীয় আরো খবর