মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

শেষ মুহূর্তে দিয়ালোর জাদু,ইকুয়েডরকে হারিয়ে উড়ন্ত সূচনা আইভরি কোস্টের

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৬-১৫ ২০:০৬:১১
ছবি: সংগৃহীত।

বিশ্বকাপের গ্রুপ পর্বে জমে ওঠা এক লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে আইভরি কোস্ট। নির্ধারিত সময়ের এক মিনিট আগে আমাদ দিয়ালোর করা একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় পেয়েছে আফ্রিকার প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে কিছুটা এগিয়ে ছিল ইকুয়েডর। একাধিকবার প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে তারা। তবে ভাগ্য তাদের পক্ষে ছিল না। অন্তত দুটি প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসে। এছাড়া আরও কয়েকটি সম্ভাবনাময় সুযোগ হাতছাড়া করে লাতিন আমেরিকার দলটি।
অন্যদিকে, আফ্রিকান চ্যাম্পিয়ন আইভরি কোস্টও পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল। মাঝমাঠের লড়াইয়ে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করলেও গোলের মুখ খুলতে পারেনি কোনো দল। ফলে বিরতিতে যেতে হয় গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের ছন্দ অপরিবর্তিত থাকে। দুই দলই জয়ের লক্ষ্যে আক্রমণ চালিয়ে যায়, তবে গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় স্কোরলাইন অক্ষত থাকে দীর্ঘ সময়। ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই আসে নাটকীয় মুহূর্ত।
৮৯তম মিনিটে সিংগোর বাড়ানো বল পেয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে নিখুঁত কোণাকুণি শটে বল জালে পাঠান আমাদ দিয়ালো। তার এই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় আইভরি কোস্টের হাতে।
গোল হজমের পর শেষ মুহূর্তে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালায় ইকুয়েডর। কিন্তু আফ্রিকান দলটির সুশৃঙ্খল রক্ষণভাগ আর কোনো সুযোগ দেয়নি। শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আইভরি কোস্ট।
এই জয়ের ফলে গ্রুপ ‘সি’-তে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে তারা। আগামী ম্যাচে তাদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা-গ্রুপের শীর্ষে থাকা জার্মানির বিপক্ষে লড়াই।

কী-ওয়ার্ডস: আইভরি কোস্ট,আমাদ দিয়ালো,বিশ্বকাপ ২০২৬


এ জাতীয় আরো খবর