বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেল তিউনিসিয়া। সুইডেনের বিপক্ষে ভরাডুবির একদিনের মধ্যেই প্রধান কোচ সাব্রি লামুশিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। চলমান বিশ্বকাপে কোনো দলের কোচ অপসারণের এটিই প্রথম ঘটনা।
মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের পর তিউনিসিয়ার ফুটবল কর্তৃপক্ষ জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে লামুশির সঙ্গে পথচলা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও সন্তোষজনক ফল করতে পারেনি উত্তর আফ্রিকার দেশটি। বেলজিয়ামের কাছে ৫-০ গোলের পরাজয়ের পর বিশ্বকাপের প্রথম ম্যাচে আরও পাঁচ গোল হজম করায় কোচিং স্টাফের ওপর আস্থা হারায় ফেডারেশন।
আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ষোলোর হতাশাজনক বিদায়ের পর সামি ট্রাবেলসির স্থলাভিষিক্ত হয়েছিলেন লামুশি। তবে তার সময়টা খুব বেশি দীর্ঘ হয়নি। দায়িত্ব নেওয়ার পর মাত্র পাঁচটি ম্যাচ পরিচালনার সুযোগ পান তিনি।
হাইতির বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু হলেও এরপর থেকে তিউনিসিয়ার পারফরম্যান্স ধারাবাহিকভাবে নিম্নমুখী হতে থাকে। কানাডার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর অস্ট্রিয়া, বেলজিয়াম এবং সর্বশেষ সুইডেনের কাছে পরাজয় কোচের বিদায়ের পথ তৈরি করে দেয়।
বিষয়টি আরও হতাশাজনক, কারণ বিশ্বকাপ বাছাইপর্বে কোনো গোল না খেয়েই মূল পর্বে জায়গা করে নিয়েছিল তিউনিসিয়া। সেই দলই এখন রক্ষণভাগের দুর্বলতায় ভুগছে।
আগামী শনিবার গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের মুখোমুখি হবে তিউনিসিয়া। তার আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় ফেডারেশন।
নতুন দায়িত্বের জন্য আলোচনায় রয়েছেন দেশটির সাবেক তারকা ফুটবলার ওয়াহবি খাজরি। পাশাপাশি ২০২২ বিশ্বকাপে তিউনিসিয়ার দায়িত্ব পালন করা মোনধের কেবাইয়েরের নামও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছে।
জাপানের বিপক্ষে ম্যাচের আগে নতুন কোচ কতটা দ্রুত দলকে গুছিয়ে নিতে পারেন, সেটিই এখন তিউনিসিয়ার সবচেয়ে বড় প্রশ্ন।
কী-ওয়ার্ডস:তিউনিসিয়া,লামুশি,বিশ্বকাপ