সোমবার, জুন ১৫, ২০২৬

ভিনিসিয়ুসের গোলে হার এড়াল ব্রাজিল,মরক্কোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি

  • ক্রীড়া ডেস্ক:
  • ২০২৬-০৬-১৪ ১১:৪৮:৫৫
ছবি: সংগৃহীত।

ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও হার এড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের গুরুত্বপূর্ণ গোলে মরক্কোর বিপক্ষে ১-১ সমতায় ম্যাচ শেষ করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা।
আজ ভোরে ‘সি’ গ্রুপের বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হয় ফিফা র‌্যাংকিংয়ের ছয় ও সাত নম্বরে থাকা ব্রাজিল ও মরক্কো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। এর ফলও পায় তারা। ম্যাচের ২১তম মিনিটে ব্রাহিম দিয়াসের বাড়ানো পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ব্রাজিলের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক চিপ শটে গোল করেন ইসমায়েল সাইবারি। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার দলটি।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ব্রাজিলকে। ৩২তম মিনিটে ব্রুনো গিমারায়েসের সঙ্গে চমৎকার বোঝাপড়ার পর ডান পায়ের শক্তিশালী শটে বল জালে পাঠান ভিনিসিয়ুস জুনিয়র। বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি ব্রাজিলের জার্সিতে এটি ছিল তার দশম আন্তর্জাতিক গোল।
সমতায় ফেরার পর দুই দলই গোলের জন্য চেষ্টা চালালেও প্রথমার্ধে আর কোনো সাফল্য আসেনি। বিরতির আগে লুকাস পাকেতার জোরালো ভলি দারুণ দক্ষতায় প্রতিহত করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে আসে। মাঝমাঠে লড়াই বেশি হলেও গোলের সুযোগ তৈরি হয় তুলনামূলক কম। ৬৭ মিনিটে রাফিনিয়ার ক্রস থেকে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ব্রাজিলের লুইজ হেনরিক। পরে রাফিনিয়াও একটি সম্ভাবনাময় সুযোগ নষ্ট করেন।
ম্যাচের শেষভাগে দুই গোলরক্ষকের দৃঢ়তায় আর কোনো গোল হয়নি। বিশেষ করে যোগ করা সময়ের নবম মিনিটে মরক্কোর নিশ্চিত গোলের সুযোগ রুখে দিয়ে ব্রাজিলকে হার থেকে বাঁচান আলিসন বেকার।
পরিসংখ্যানে বল দখলে সামান্য এগিয়ে ছিল ব্রাজিল। ম্যাচজুড়ে তারা ৫১ দশমিক ৩ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে, যেখানে মরক্কোর দখলে ছিল ৪৮ দশমিক ৭ শতাংশ। গোলমুখে ব্রাজিল পাঁচটি এবং মরক্কো তিনটি শট নেয়।
ড্রয়ের ফলে ‘সি’ গ্রুপে দুই দলই এক পয়েন্ট করে অর্জন করেছে। আগামী ১৯ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। একই দিনে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মরক্কো।

কী-শব্দ: ব্রাজিল,মরক্কো,ভিনিসিয়ুস


এ জাতীয় আরো খবর