সোমবার, জুন ১৫, ২০২৬

উন্নয়ন ব্যয়ে জোর, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থমন্ত্রীর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-১১ ১৭:৪৩:৩০
ছবি: সংগৃহীত।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেট দেশের মোট দেশজ উৎপাদনের ১৩ দশমিক ৭ শতাংশের সমপরিমাণ, যা চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্য উপস্থাপনকালে অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছরে সরকারি ব্যয়ের কাঠামোয় উন্নয়ন কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হবে। এ লক্ষ্য সামনে রেখে উন্নয়ন খাতে ব্যয় বাড়ানো এবং পরিচালন ব্যয় তুলনামূলকভাবে কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য ৩ লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে মোট উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা। অন্যদিকে পরিচালন ব্যয় এবং অন্যান্য খাতে ব্যয়ের জন্য প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ধাপে ধাপে উন্নয়ন ব্যয়ের অংশ বৃদ্ধি করার নীতি অনুসরণ করছে সরকার। এর ধারাবাহিকতায় আগামী অর্থবছরে মোট ব্যয়ের ৩৩ দশমিক ৭০ শতাংশ উন্নয়ন খাতে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ হার ছিল ২৭ দশমিক ২৭ শতাংশ।
একই সঙ্গে পরিচালন ব্যয় নিয়ন্ত্রণের উদ্যোগও নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে মোট ব্যয়ের ৭২ দশমিক ৭৩ শতাংশ পরিচালন খাতে বরাদ্দ থাকলেও আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তা কমিয়ে ৬৬ দশমিক ৩০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।
সরকারের প্রত্যাশা, উন্নয়ন ব্যয়ের পরিমাণ বাড়ানোর মাধ্যমে অবকাঠামো, জনসেবা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিমুখী প্রকল্পগুলো আরও গতি পাবে এবং সরকারি ব্যয়ের কার্যকারিতা বৃদ্ধি পাবে।

কী-শব্দ: জাতীয় বাজেট, উন্নয়ন ব্যয়, অর্থমন্ত্রী


এ জাতীয় আরো খবর