বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

মির্জাপুরে হিমেলের দুচোখ অন্ধের মামলায় আ.লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • শিলা আক্তার,
  • ২০২৬-০৬-১০ ২১:২৪:৪৩

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে হিমেলের দুচোখ অন্ধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড ও গোড়াইল ত্রিমোহন এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (৪৮) এবং উপজেলা ছাত্রলীগের আহŸায়ক কমিটির সদস্য আব্দুর রাব্বি সাদ (২৫)।
পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলায় তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় অভিযান চালিয়ে সোহেল রানা ও আব্দুর রাব্বি সাদকে গ্রেপ্তার করেন মির্জাপুর থানার উপপরিদর্শক হাফিজুর রহমান এবং হাবিবুর রহমান।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার তদন্তে তাদের নাম ওঠে আসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
 

 


এ জাতীয় আরো খবর