পৃথিবী কি আজ ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন ?
বারুদের ঝাঁঝালো তীব্র গন্ধে নিঃশ্বাস আজ রুদ্ধ ?
আমি মানবতার মৃত্যু দেখেছি মহা পৃথিবী জুড়ে
আমি বিবেকের ব্যভিচার দেখেছি বিশ্বের দরবারে
আমি চেতনার চাটুকারিতা দেখেছি মানব চরিত্রে ।
সমস্ত আলোচনার দ্বার আজ অবরুদ্ধ ,
বিবেকের যুক্তি তর্ক ! নেই কোন সমাধান ।
বারুদ বন্দনায় বিশ্বের মহাযুদ্ধ,
তুমি আমি নিমিত্ত মাত্র ,
আছে শুধু হিংস্র অস্ত্রের গর্জন ।
আমি মাটির উপর দাঁড়িয়ে শুনেছি মানুষের হাহাকার ,
আমি শবের উপর দাঁড়িয়ে দেখেছি সভ্যতার জিঘাংসা,
মৃত্যুর মুখে দাঁড়িয়ে দেখেছি মহাবিদ্রোহের ক্ষয়ক্ষতি, আমি চিতার আগুনে দাঁড়িয়ে বুঝেছি
মানব চরিত্রের হিংস্রতা ।
অস্ত্রের উন্নয়ন কি আজ শুধুই আধুনিক সভ্যতার হুংকার ?
প্রতিশোধ স্পৃহায় পারমাণবিক হল্কা !
মানব হত্যায় মিসাইল- হাইড্রোজেন বোমার বন্দনা !
বারুদের বিধ্বংসী প্রলয় রক্তাক্ত পৃথিবীর অসহায় কান্না।
আমি হেঁটে চলেছি মুমূর্ষু পৃথিবীর পথ দিয়ে ,
চোখে কেবল আজ লক্ষ শিশুর মৃত্যু যন্ত্রণা !
আমি শুনেছি একবিংশ শতাব্দীর শেষ আর্তনাদ ,
অনুভব করেছি আহত মাটির আঘাতের যন্ত্রনা ।
তবু আঁধারের মাঝে আজ দেখি আশার আলো,
ধ্বংসস্তূপে খুঁজে ফিরি মানবতার প্রাণ !
আমি ভুলে যেতে চাই ধর্ম- জাতি-ভাষার বিভাজন।
এ পৃথিবী হোক্ "এক জাতি এক প্রাণ "।।