দেশের শিক্ষা প্রশাসনে নতুন করে দায়িত্ব বণ্টন করেছে সরকার। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং চারটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার শিক্ষা মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব নিয়োগের ঘোষণা দেয়।
নতুন নিয়োগ অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়েছে খুলনার হাজি মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালামকে।
অন্যদিকে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এসব পরিবর্তন আনা হয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর শিক্ষা খাতে ধারাবাহিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব নিয়োগ দেওয়া হচ্ছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ শিক্ষা প্রশাসনের নানা গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে শিক্ষা প্রশাসনের কার্যক্রমে গতি ও সমন্বয় আরও বাড়বে।
কী-ওয়ার্ডস: শিক্ষা প্রশাসন,চেয়ারম্যান নিয়োগ,এনসিটিবি